“মণিপুর সফরকে ঘিরে কটাক্ষের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রিয়াঙ্কা ও খাড়গের তীব্র আক্রমণ”
দীর্ঘ দুই বছর পর মণিপুর সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সফর ঘিরেই চড়ছে রাজনৈতিক পারদ। সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
কেরালার ওয়ানাডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন
“আমি খুশি যে অবশেষে প্রধানমন্ত্রী বুঝেছেন, মণিপুর তার কাছে গুরুত্বপূর্ণ। তবে এই সিদ্ধান্ত বহু আগেই নেওয়া উচিত ছিল। আগেকার প্রধানমন্ত্রীরা যেখানেই ব্যথা পেতেন, সেখানেই পৌঁছে যেতেন। এটা ছিল ভারতের এক ঐতিহ্য।”
প্রধানমন্ত্রীর এই বিলম্বিত সফরকে তিনি বলেন “চরম দুর্ভাগ্যজনক”।
অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সফরের সময়সীমা নিয়ে তুললেন আরও বড় প্রশ্ন।
এক্স-এ পোস্ট করে তিনি লেখেন “মাত্র ৩ ঘণ্টার সফর! এটা সহানুভূতি নয় এটা একটা প্রহসন। ইম্ফল ও চুরাচাঁদপুরে রোড শো করেও ত্রাণ শিবিরে থাকা মানুষের কথা না শোনা কাপুরুষোচিত পলায়ন ছাড়া কিছুই নয়।”
খাড়গে আরও দাবি করেন, গত ৮৬৪ দিনে মণিপুরে প্রাণ গেছে প্রায় ৩০০ জনের, বাস্তুচ্যুত হয়েছেন ৬৭ হাজারের বেশি মানুষ। অথচ, প্রধানমন্ত্রী ৪৬টি বিদেশ সফরে গিয়েছেন, কিন্তু মণিপুরে একবারও আসেননি।
তিনি সরাসরি অমিত শাহকেও দায়ী করে বলেন, রাষ্ট্রপতি শাসন জারি করে কেন্দ্র নিজেদের ব্যর্থতা আড়াল করেছে।
এই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদী তিন দিনের সফরে আছেন দেশের পাঁচটি রাজ্যে— মিজোরাম, মণিপুর, আসাম, পশ্চিমবঙ্গ ও বিহারে। মণিপুর সফরের অংশ হিসেবে চুরাচাঁদপুরে তিনি উদ্বোধন করেছেন ৭,৩০০ কোটি টাকার একাধিক প্রকল্প।
এর মধ্যে রয়েছে: ৩,৬০০ কোটি টাকার নগর সড়ক, ড্রেনেজ ও রিসোর্স ম্যানেজমেন্ট
২,৫০০ কোটি টাকার পাঁচটি জাতীয় মহাসড়ক
মণিপুর ইনফোটেক ডেভেলপমেন্ট প্রকল্প
কর্মজীবী মহিলাদের জন্য ৯টি হোস্টেল
দিনের শেষে ইম্ফলে আরও ১,২০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বক্তব্য রাখেন একটি বড় জনসভাতেও।
মোদীর এই সফর ঘিরে যেমন উন্নয়নের বার্তা দেওয়া হয়েছে, তেমনি বিরোধীরা প্রশ্ন তুলেছে তার দেরিতে আসা, সফরের সময়সীমা এবং মানবিকতার জায়গা নিয়ে।
এখন দেখার, এই সফর মণিপুরের পরিস্থিতিতে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
আরো পড়ুন- রাশিয়ার হামলা নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ পোল্যান্ড
নেপালের পর এবার ফ্রান্সে শুরু সরকার বিরোধী আন্দোলন
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
ইন্দোনেশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ: পথচারী নিহতের ঘটনায় এক পুলিশ কর্মকর্তা বরখাস্ত
ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণায় ক্ষুব্ধ নেতানিয়াহু, বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে ‘দুর্বল নেতা’ বললেন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।