২০১১ সালের জানুয়ারিতে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল মাত্র ১৫ বছর বয়সি কিশোরী ফেলানী। কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর নিথর দেহের ছবি সেই সময় পৃথিবীজুড়ে আলোড়ন সৃষ্টি করে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে ভারতের বিরুদ্ধে তোলপাড় শুরু হয় । আলোচিত সেই ফেলানীর ছোট ভাইকে সরকার চাকরি দিয়ে দৃষ্টান্ত তৈরি করল বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।
২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি পেয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম।
গত ২৩ ফেব্রুয়ারি লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন আরফান হোসেন।
ফেলানী হত্যাকাণ্ড দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন তোলে। সেই থেকে দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের দাবিতে লড়াই করে আসছে ফেলানীর পরিবার। তবে আজকের দিনটি তাদের কাছে বেদনার ভেতর আশার আলো নিয়ে এসেছে।
ফেলানীর ভাই আরফান হোসেন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, বাবা-মায়ের স্বপ্ন ছিল দেশের জন্য কাজ করা। ফেলানী হত্যার পর মানুষ যে প্রতিবাদ জানিয়েছিল, তখন থেকেই আমাদের ইচ্ছা ছিল বিজিবিতে যোগ দেওয়ার। আজ সেই স্বপ্ন পূর্ণ হলো। বিজিবিকে ধন্যবাদ জানাই আমাকে দেশের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য।
ফেলানীর বাবা নুর ইসলাম বলেন, ভারত থেকে ফেরার পথে আমার নাবালিকা মেয়েকে পাখির মতো গুলি করে হত্যা করে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে বিএসএফ। সেই দৃশ্য আজও ভুলতে পারিনি। তবে দেশবাসী আর বিজিবি সবসময় আমাদের পাশে ছিল। দোকান করে দিয়ে সহায়তা করেছে। আজ আমার ছেলে মেধা ও যোগ্যতায় বিজিবিতে সুযোগ পেল। এটা আমার জীবনের বড় প্রাপ্তি। তবে ইতোপূর্বের সরকার আমার পরিবারকে পুনর্বাসনের নানা প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি। বর্তমান সরকার আমার সন্তানকে চাকরি দিয়ে যে উপকার করল তা জীবনেও ভুলব না।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, আরফান নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আগামী ১৯ সেপ্টেম্বর প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবেন। আমরা বিশ্বাস করি, প্রশিক্ষণ শেষে তিনি একজন দক্ষ সদস্য হিসেবে দেশের সেবায় নিয়োজিত হবেন।
আরোও পড়তে পারেন: কুমিল্লা থেকে পাচারকৃত ইলিশ ত্রিপুরায় মিলছে কম দামে
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।