অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে সৎ মা আটক, বাবা পলাতক

লাশ উদ্ধার
ফন্ট সাইজ:
Shares

জয়পুরহাটের আক্কেলপুরে নাঈম নামে সাড়ে ৪ বছরের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে। রোববার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে উপজেলার গিলাকুড়ি গ্রামে।

হতভাগা শিশুটির বাবার নাম জলিল শেখ। শিশু নাঈমের নিজের মা মারা যাওয়ার পর সৎ মা জাহানারা বেগম তাকে দেখাশুনা করতেন।

পুলিশ ঘটনাস্থল থেকে শিশু নাঈমের লাশ (মরদেহ) উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ সৎ মা জাহানারা বেগমকে আটক করলেও তার বাবা পলাতক রয়েছেন। 

ওই গ্রামবাসীরা জানান, প্রথম স্ত্রীর মৃত্যুর পর ওই গ্রামের জলিল শেখ লিপি বেগমকে বিয়ে করেন। বিয়ের পর তার কোলজুড়ে জন্ম নেয় জান্নাতি ও নাঈম নামের দুই সন্তান। প্রায় ৪ বছর আগে তাদের রেখেই লিপি বেগম হঠাৎ মারা যান। পরে জাহানারা বেগমকে বিয়ে করলে নাঈম ও জান্নাতির আশ্রয় মেলে তাদের তাদের এ সৎ মার কাছে। কিন্তু জাহানারা বেগমের একটি ছেলে (পুত্র) সন্তান জন্ম নিলে হতভাগ্য নাঈম ও জান্নাতির কপাল পোড়ে।

এ ব্যাপারে প্রতিবেশী ও নাঈমের মামার অভিযোগ, প্রায়ই মারধর করা হতো তাদের। তারই জের ধরে রোববার বেলা ১১টার দিকে বাবার অনুপস্থিতিতে নাঈমকে বাসার ভেতরে মারপিট করে সৎ মা জাহানারা বেগম। পরে নাঈম নিস্তেজ হয়ে পড়লে জাহানারা প্রতিবেশীদের ডাক দেন। তারা (প্রতিবেশীরা) এসে ঘরের মেঝেতে নাঈমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার শরীরের বিভিন্ন জায়গায় কালচে দাগ ও মাথায় রক্তাক্ত ক্ষত দেখতে পান তারা। ঘটনার পর লোকজন জাহানারা বেগমকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ বিকালে ঘটনাস্থল থেকে নাঈমের মরদেহ উদ্ধার করার পর জাহানারা বেগমকে আটক করে। এ ঘটনার পর থেকে নাঈমের বাবা জলিল শেখ পলাতক আছেন। 

এ বিষয়ে প্রতিবেশী নাজমিন আক্তার নাজু বলেন, জাহানারা বেগম আমাদের এসে ডাকাডাকি করলে তাদের বাসায় গিয়ে নাঈমকে মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখি। তার শরীরের বিভিন্ন জায়গায় মারপিটের কালচে দাগ ও মাথায় রক্তাক্ত গভীর ক্ষত দেখতে পেয়েছি।

নিহত নাঈমের মামা ফিরোজ হোসেন বলেন, নাঈমকে তার বাবা ও সৎ মা প্রায়ই মারধর করত। তাকে ইট ও পাথর দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বাথরুমে রাখা হয়েছে। প্রতিবেশীরাই বাড়ি থেকে তাকে মৃত অবস্থায় বের করে আনে। তার সৎ মা জাহানারা তাকে পিটিয়ে হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন বলেন, খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থল থেকে শিশু নাঈমের লাশ উদ্ধার করেছে। ইতোমধ্যে তার সৎ মাকে আটক করা হয়েছে। তবে তার বাবা পলাতক আছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়:

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top