নির্মাণ কাজ শেষ না হওয়ায় বার্সেলোনা এখনও ফিরতে পারেনি তাদের ঐতিহাসিক ঘরের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে। ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)-এর বিপক্ষে তারা খেলবে ৫৫,০০০ আসন বিশিষ্ট অলিম্পিক স্টেডিয়াম “এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ”-এ।
শুক্রবার এক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটি জানায়, আগামী ১ অক্টোবর ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি এস্তাদি অলিম্পিকে অনুষ্ঠিত হবে। ক্যাম্প ন্যুর সংস্কার কাজ চলমান থাকায় বার্সেলোনা গত দুই মৌসুম ধরেই এই স্টেডিয়ামটিকে তাদের বিকল্প হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে।
এ মৌসুমের শুরুতে ক্লাবটির লক্ষ্য ছিল, নতুন সংস্কারকৃত ক্যাম্প ন্যুতে ফিরেই মৌসুম শুরু করা। কিন্তু নির্মাণে বিলম্ব ও প্রশাসনিক অনুমতির অভাবে তারা বাধ্য হয়েছে অন্য ভেন্যুতে খেলতে। স্প্যানিশ লিগে নিজেদের প্রথম হোম ম্যাচে বার্সাকে খেলতে হয়েছে মাত্র ৬,০০০ আসনের এস্তাদি জোহান ক্রুইফে, যা শহরের বাইরে অবস্থিত এবং সাধারণত তাদের মহিলা দলের জন্য ব্যবহৃত হয়।
রবিবার স্প্যানিশ লিগে গেটাফের বিপক্ষেও বার্সেলোনা খেলবে এই ছোট স্টেডিয়ামেই।
বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা আগামী মাসগুলিতে স্পটিফাই ক্যাম্প ন্যু খোলার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি পাওয়ার লক্ষ্যে কাজ করছি।”
প্রসঙ্গত, বার্সেলোনার সাবেক কোচ লুইস এনরিকে বর্তমানে পিএসজির কোচের দায়িত্বে আছেন। তার অধীনেই পিএসজি গত মৌসুমে ইউরোপীয় শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল।
র্যাশফোর্ডের জোড়া গোলে বার্সেলোনার দাপুটে জয় নিউক্যাসলের বিপক্ষে
ইসরায়েল খেললে বিশ্বকাপ বয়কটের হুমকি স্পেনের
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।