এর আগে চলতি সপ্তাহে আফগান কর্তৃপক্ষ অভিযোগ করেছিল, পাকিস্তান তাদের রাজধানী কাবুল এবং দেশের পূর্বাঞ্চলের একটি বাজারে বোমা হামলা চালিয়েছে। তবে পাকিস্তান এই হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শনিবার রাতের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘পাকিস্তানের সেনাবাহিনী কেবল আফগানিস্তানের উসকানির যোগ্য জবাবই দেয়নি, বরং তাদের কয়েকটি পোস্ট ধ্বংস করে তাদের পিছু হটতে বাধ্য করেছে।’
তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রোববার কাবুলে এক সংবাদ সম্মেলনে জানান, আফগান বাহিনী পাকিস্তানের ২৫টি সেনা পোস্ট দখল করেছে, ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। মুজাহিদ বলেন, ‘আফগানিস্তানের সব সরকারি সীমান্ত এবং অনানুষ্ঠানিক রেখা (ডি ফ্যাক্টো লাইন) সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং অবৈধ কার্যকলাপ মূলত ঠেকানো সম্ভব হয়েছে।’ তবে এই হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তানের পক্ষ থেকে কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।
তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার সকালে জানিয়েছে, তাদের বাহিনী সীমান্তে ‘প্রতিশোধমূলক এবং সফল অভিযান’ পরিচালনা করেছে। মন্ত্রণালয় আরও সতর্ক করে দিয়ে বলেছে, ‘যদি প্রতিপক্ষ আবারও আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী দেশের সীমান্ত রক্ষায় পুরোপুরি প্রস্তুত এবং তারা এর দাঁতভাঙা জবাব দেবে।’
অন্যদিকে, পাকিস্তান কর্তৃপক্ষ আফগান সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যদের আশ্রয় দেওয়ার অভিযোগ করে। ইসলামাবাদ বলছে, এই গোষ্ঠীটি পাকিস্তানের ভেতরে মারাত্মক হামলা চালায়। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা তাদের ভূমি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না।
সূত্র: এপি
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।