অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

মোনাকোর কাছে পিএসজির পরাজয়

ফন্ট সাইজ:
Shares

ফরাসি লিগ ১ এ শনিবার অপ্রত্যাশিত নাটক দেখা গেল। মোনাকোর মাঠে প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) ১–০ গোলে হেরে গেলেও শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে, কারণ তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্সেই নিজ মাঠে তুলুজের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে।

মোনাকোর হয়ে একমাত্র গোলটি করেন জাপানি তারকা তাকুমি মিনামিনো। দ্বিতীয়ার্ধে আলেক্সান্দার গোলোভিনের ক্রস থেকে গোলটি আসে, যা লিগে পিএসজির চলতি মৌসুমে দ্বিতীয় পরাজয় নিশ্চিত করে। ম্যাচের শেষ দিকে পিএসজির সাবেক ডিফেন্ডার থিলো কেহরার ইব্রাহিম এমবায়ের ওপর ফাউল করলে ভিএআর চেকের পর লাল কার্ড দেখেন। সাত মিনিট ইনজুরি টাইমসহ শেষ মুহূর্তের চাপ সামলে জয়ের পথে ফিরে যায় মোনাকো।

এই জয়ে টানা তিন ম্যাচে পরাজয়ের ধারাবাহিকতা থামায় মোনাকো।
অস্থায়ীভাবে তারা উঠে এসেছে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে পিএসজির থেকে সাত পয়েন্ট পিছিয়ে।

১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে প্যারিস সেন্ট-জার্মেইন। মার্সেই রয়েছে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে। ভেলোড্রোমে তুলুজের হয়ে সান্তিয়াগো হিদালগো শেষ মুহূর্তে গোল করে রবার্তো ডি জারবির দলের শীর্ষে ওঠার সুযোগ নষ্ট করেন।

এখন নজর লেন্সের দিকে তৃতীয় স্থানে থাকা দলটি রবিবার অ্যাঞ্জার্সকে হারাতে পারলে শীর্ষে উঠে যাবে।

পিএসজি কোচ লুইস এনরিক ম্যাচ শেষে স্পষ্ট ভাষায় দলের পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন,
“ম্যাচ আবার দেখার আগেই বলা যায় আমরা যথেষ্ট মনোযোগী ছিলাম না। দলগত এবং ব্যক্তিগত ভুলও অনেক করেছি। আজকের ম্যাচ আমাদের পুরো মৌসুমের সবচেয়ে খারাপ পারফরম্যান্সগুলোর একটি।”

মিনামিনোর গোলে পিছিয়ে পড়ার পরও পিএসজি আক্রমণাত্মক হয়ে উঠেছিল, তবে কেহরারের লাল কার্ড তাদের আরও চাপে ফেলে। মোনাকো কোচ সেবাস্তিয়ান পোকোনিওলি জয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
তিনি বলেন, “ইউরোপের অন্যতম সেরা দলের বিপক্ষে জয় পাওয়া সবসময়ই বিশেষ। এটি আমাদের জন্য বড় আত্মবিশ্বাসের জোগান।”

ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে দুই বছরেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক খেলায় ফিরেছেন পল পগবা। এই ম্যাচেও তিনি বদলি হিসেবে সংক্ষিপ্ত সময় খেলেন।

চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসলের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর লিগে ফিরেই তুলুজের কাছে পয়েন্ট হারিয়ে হতাশ হয়েছে মার্সেই। ম্যাচের প্রথমার্ধে তারা খেলায় নিয়ন্ত্রণ হারায়; ব্রাজিলিয়ান এমারসনের দৌড় এবং নিখুঁত ফিনিশিংয়ে ১–০ ব্যবধানে বিরতিতে যায় তুলুজ।

দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে খেলায় ফিরে আসে মার্সেই। ইগর পাইক্সাও ও পিয়েরে-এমিল হোজবজার্গের দুটি গোল ম্যাচে তাদের এগিয়ে দেয়। শীর্ষে ওঠার আনন্দে হোজবজার্গ জার্সি খোলার উদযাপনও করেন।

কিন্তু নাটক বাকি ছিল। ইনজুরি টাইমে মার্ক ম্যাকেঞ্জির লম্বা থ্রো থেকে মাথা ছুঁইয়ে গোল করেন তুলুজের তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড সান্তিয়াগো হিদালগো। ফলে ম্যাচ শেষ হয় ২–২ ড্রয়ে।

ডি জারবি ম্যাচ শেষে বলেন, “হতাশ তো অবশ্যই, তবে লিগ এখানেই শেষ নয়।
সামনে এখনো অনেক মাস বাকি।”

এদিন আরও এক ম্যাচে প্যারিস এফসি এবং তলানির দল অক্সের ১–১ গোলে ড্র করে।

সম্পর্কিত বিষয়:

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top