আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ‘ভালো ছেলে’ হয়ে খেলার প্রতিশ্রুতি দিয়েও তা রাখতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ডাবলিনে গতকাল রাতে আয়ারল্যান্ডের কাছে ২–০ গোলে হারার ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পর্তুগিজ তারকা। ফলে শুধু ম্যাচ হারাই নয়, রোনালদো ও পর্তুগাল দুজনকেই পড়তে হলো বড় বিপদে।
জিতলেই সরাসরি ২০২৬ বিশ্বকাপে যেতে পারত পর্তুগাল। কিন্তু ট্রয় প্যারটের জোড়া গোলে আয়ারল্যান্ডের কাছে হেরে এখন যোগ্যতা অর্জনের অপেক্ষা বাকি রইল গ্রুপপর্বের শেষ ম্যাচ পর্যন্ত।
আর্মেনিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি জিতলেই বিশ্বকাপে পা রাখবে পর্তুগাল।
তবে অঘটনের শিকার হয়ে আর্মেনিয়ার কাছে হারলে তৈরি হতে পারে বড় সংকট।
‘এফ’ গ্রুপে ৫ ম্যাচে ৩ জয়, ১ ড্র ও ১ হার ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল।
৮ পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি এবং ৭ পয়েন্ট নিয়ে তিনে আয়ারল্যান্ড।
গ্রুপের তলানিতে আর্মেনিয়া ৩ পয়েন্টে।
রোনালদোর ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক লাল কার্ড
ম্যাচের ৬১ মিনিটে দারা ও’শেয়ার পিঠে কনুই মারায় প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি।
তবে ভিএআর-এর নির্দেশে সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখানো হয় রোনালদোকে।
পর্তুগালের জার্সিতে ২২৬ ম্যাচে এটাই তাঁর প্রথম লাল কার্ড। এর আগের ১২টি লাল কার্ডই ছিল ক্লাব পর্যায়ে।
ম্যাচের ১৭ ও ৪৫ মিনিটে গোল করে আয়ারল্যান্ডকে জয় এনে দেন ট্রয় প্যারট।
বিশ্বকাপেও নিষিদ্ধ হতে পারেন রোনালদো
ফিফার নিয়ম অনুযায়ী কনুই মারা বা এ ধরনের সহিংস আচরণের শাস্তি ন্যূনতম তিন ম্যাচ নিষিদ্ধ থাকা।
সেই হিসেবে রোনালদো বাছাইপর্বের শেষ ম্যাচ ছাড়াও পর্তুগালের পরবর্তী দুই ম্যাচে খেলতে পারবেন না।
পর্তুগাল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলেও টুর্নামেন্টের শুরুতে তাকে না পাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
রোনালদোর নিষেধাজ্ঞার মাত্রা নির্ধারণ করবে ফিফার শৃঙ্খলা কমিটি।
ম্যাচ শেষে পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা বলেন,
“আমরা জিততে পারিনি, আজকের পারফরম্যান্সে আমরা হতাশ। প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেই হবে—তারা খুব সংগঠিত দল এবং পর্তুগালে খেলতেও আমাদের বিপদে ফেলেছিল।”
লাল কার্ডের পর আয়ারল্যান্ড কোচ হেইমির হলগ্রিমসনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় রোনালদোর।
ম্যাচের আগে রোনালদো অভিযোগ করেছিলেন, আয়ারল্যান্ড কোচ রেফারির ওপর চাপ তৈরির চেষ্টা করেছেন। জয়ের পর হলগ্রিমসন বলেন, “লাল কার্ডে আমার কোনো ভূমিকা নেই। মাঠে সে নিজেই যা করেছে, তার ফলই পেয়েছে।”
আগামী ম্যাচ – পর্তুগাল আগামী রোববার রাত ৮টা, পোর্তোয় মুখোমুখি হবে আর্মেনিয়ার।
হামজার জোড়া গোলের পর শেষ মুহূর্তের হতাশার ম্যাচ ড্র ২–২
রবার্ট লেওয়ানডোস্কির দিকে নজর দিচ্ছে এসি মিলান
ইনজুরিতে ভুগছে বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে বড় চ্যালেঞ্জ
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।