অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

ফন্ট সাইজ:
Shares

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় নতুন প্রতীক হিসেবে যুক্ত করা হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তালিকায় এটি ১০২ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, কোনো রাজনৈতিক দলের বিবেচনায় নয়, বরং প্রতীক নিয়ে বিভিন্ন পক্ষের মতামত পর্যালোচনা করে কমিশন নতুন প্রতীকটি যুক্ত করেছে।

“কোনো দলের স্বার্থে নয়, প্রতীক নিয়ে কিছু বিরূপ মতামত আসায় কমিশন মনে করেছে ‘শাপলা কলি’ রাখা যেতে পারে,” — বলেন ইসি সচিব।

তিনি আরও জানান, আগের ১৬টি প্রতীক বাদ দিয়ে এখন মোট ১১৯টি প্রতীক রাখা হয়েছে।

আখতার আহমেদ বলেন, ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো প্রস্তুত করা হবে। একই সঙ্গে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরি করা হচ্ছে, যেখানে স্কুল, কলেজ ও সরকারি ব্যাংকের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে।

বর্তমানে দেশের ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজারের বেশি, জানিয়ে ইসি সচিব বলেন, এসব কেন্দ্রে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হবে।

দুর্গম এলাকায় নির্বাচনি সরঞ্জাম পৌঁছানোর বিষয়ে তিনি জানান, প্রয়োজন অনুযায়ী হেলিকপ্টার সার্ভিস ব্যবহার করা হবে।

“বিমানবাহিনী বা সেনাবাহিনীর সহায়তায় এই কাজ করা হবে। তবে হেলিকপ্টার অবতরণের জন্য হেলিপ্যাড চিহ্নিত করবে উপজেলা প্রশাসন,” — বলেন তিনি।

ইসি সচিব জানান, নির্বাচনি প্রচার–প্রচারণা পরিচালনায় তথ্য মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে।

“বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বেতার, সংসদ টিভি ও বিটিভি নিউজ নির্বাচনি প্রচারণায় ভূমিকা রাখবে,” — তিনি জানান।

ঋণখেলাপিদের সঠিক তথ্য নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন আখতার আহমেদ।

“বাজেট ব্যবস্থাপনায় সাশ্রয়ী হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে,” — বলেন তিনি।

শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় ও মাঠ প্রশাসনকে তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া, পাবলিক স্কুল ও কলেজের পরীক্ষা যেন ভোটের সময়সূচির সঙ্গে সংঘর্ষে না পড়ে, সে বিষয়েও শিক্ষা মন্ত্রণালয়কে সতর্ক থাকতে বলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top